বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫

প্রশান্তি

প্রশান্তি
    __মোহাম্মদ শাকিরুল ইসলাম

মরতে চাইনা জীবনকে মুক্তি দিতে
মরতে চাইনা তোমাকে ভুলে যেতে
মরতে চাইনা পরাজিত হয়ে

খুব তুচ্ছ জিনিসের জন্য মরতে চাই
মরতে চাই একটা ঘাসফুলের জন্য
একফোটা অশ্রুর জন্য
এক মুঠোভরা বৃষ্টির জন্য

মরতে চাইনা আমি তোমার জন্য
মরতে চাইনা অপরাধী হয়ে
মরতে চাইনা তবু কবু

কবু তবু মরবো
মরতে চাই আমি
এক চিমটি প্রশান্তির জন্য।

বুধবার, ৮ জুলাই, ২০১৫

কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’

তোমার চোখ এত লাল কেন?
—নির্মলেন্দু গুণ

আমি বলছি না ভালোবাসতেই হবে,
আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
… বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন
ক্লান্ত ।
আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ
আমাকে খেতে দিক ।
আমি হাতপাখা নিয়ে কাউকে আমার পাশে বসে
থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী-সেবার দায়
থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে
পারি ।
আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক ।
কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : ‘তোমার চোখ এতো লাল কেন ?’