সোমবার, ১৮ আগস্ট, ২০১৪

নিরন্তর ভালোবাসা - দুই >>আবুল খায়ের সজীব

আমি লক্ষ্য করিনি তোমার গলার
নিচে জোড়া তিল আছে ,
অথচ,আমার আঙ্গুলের
ফাঁকে লুকিয়ে থাকা ছোট্ট তিলটিও
তোমার নজরে পড়েছে ।

আমি কখনোই তোমার সুদীঘল চুলে নজর দেই নি,
অথচ,আমার শার্টের বোতাম খোলা রোমশ বক্ষ তোমার নজর এড়ায় নি ।

অভিমানে ঘেমে ওঠা তোমার
নাকে কখনোই আমার চোখ পড়ে নি,
অথচ,রাগের সময় আমার শক্ত
হওয়া চোয়ালও তোমার চোখে পড়েছে ।

তোমার চলার ছন্দে ছমছম নূপুরের ধ্বনি আমার দৃষ্টি আকর্ষণ করেনি,
অথচ,সামান্য বাতাসে আমার
উড়তে থাকা চুলও তোমার চোখ এড়ায় নি ।

ব্যস্তময় যান্ত্রিক যোগাযোগে কখনোই আমার চোখে আসেনি তোমার দুলে ওঠা শরীর ,
অথচ,আমার পুরুষ হয়ে ওঠার কোন কিছুই তোমার নজর এড়ায় নি ।

আমি জানি তোমার ভীষণ অভিমান হয় ।
কিন্তু কি করবো বলো-
যে চোখ দিয়ে তুমি আমাকে এতোখানি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছো
সেই চোখকে যে প্রথম দেখাতেই আমার বড় বিশ্বাসী মনে হয়েছে ।
আর জানো তো-
বিশ্বাসের আগুন বড় ভয়ংকর ।
একেবারেই সব ভস্ম করে দেয় ।

আর ভস্মিভুত হৃদয় যখন তোমার
কোলে মাথা রাখে,
আলতো করে মাথায় হাত
বুলিয়ে দিয়ে তুমি তখন আমায় বলো-
তুমি বড্ড পাগল গো !!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন